পরিবেশ সুরক্ষায় সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ, শুরু ১ ফেব্রুয়ারি

টানা নয় মাস নিষেধাজ্ঞা শনিবার শেষ হচ্ছে চলতি পর্যটন মৌসুম

by The Justice Bangla

মোঃ খালেদ বিন সবুর | জাস্টিস বাংলাঃ পরিবেশ সুরক্ষার লক্ষ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে টানা নয় মাসের জন্য বন্ধ থাকছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (৩১ জানুয়ারি) চলতি মৌসুমের পর্যটন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, প্রবাল প্রাচীর, সামুদ্রিক জীববৈচিত্র্য এবং দ্বীপের ভঙ্গুর বাস্তুতন্ত্র রক্ষার স্বার্থে প্রতি বছর নির্দিষ্ট সময়ের জন্য পর্যটন কার্যক্রম সীমিত করা হয়। অতিরিক্ত পর্যটক চাপ, প্লাস্টিক বর্জ্য ও নৌযান চলাচলের কারণে সেন্টমার্টিনের পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার থেকে কোনো পর্যটকবাহী জাহাজ বা ট্রলার সেন্টমার্টিনে যেতে পারবে না। পাশাপাশি দ্বীপে অবস্থানরত পর্যটকদের শনিবারের মধ্যেই ফিরে আসতে বলা হয়েছে।

পরিবেশবিদরা বলছেন, প্রবাল দ্বীপের বাস্তুসংস্থান টিকিয়ে রাখতে এই বিরতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সামুদ্রিক জীববৈচিত্র্য পুনরুদ্ধারের সুযোগ পাবে এবং দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে।

আগামী পর্যটন মৌসুমে নতুন করে নির্দেশনা দিয়ে সেন্টমার্টিন খুলে দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

You may also like

Leave a Comment