নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর বিশেষ সক্ষমতার মহড়া

by The Justice Bangla

ফেনী প্রতিনিধি | জাস্টিস বাংলাঃ আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী-৩ আসনে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে বিশেষ সক্ষমতার জানান দিয়ে মহড়া পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সোনাগাজী উপজেলার বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই বিশেষ মহড়া পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর সোনাগাজী ক্যাম্প। মহড়ায় বিজিবি,পুলিশ,আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।
মহড়া পরিচালনার সময় একটি ডামি পরিস্থিতি সৃষ্টি করা হয়, যেখানে দেখা যায়, ভোট গ্রহণের দিন কিছু উশৃংখল লোকজন দলীয় এজেন্টের পাশ দিয়ে আসে এবং আর এক দল মিছিল নিয়ে ভোটকেন্দ্রের প্রধান পটক দিয়ে উট মার্কার সমর্থকরা পেস্টুন-মিছিল নিয়ে প্রবেশ করে ককটেল বিস্ফোরণ করে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের ভোট প্রদানে আতংক সৃষ্টি করে বাধা দেয় এবং ভোটকেন্দ্রে উত্তেজনা সৃষ্টি করে। একপর্যায়ে তারা এজেন্টদের বের করে দিয়ে ব্যালট বক্স নিয়ে যাওয়ার চেস্টা করে।

এসময় ভোটকেন্দ্রের অবস্থা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দিলে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীকে অবহিত করেন। সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হেন্ডমাইকিং করে ভোটকেন্দ্রর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ভোট গ্রহণে বাধা প্রদান ও নির্বাচনী আচারবিধি লঙ্ঘনের দায়ে কয়েকজন দুষ্কৃতিকারিকে গ্রেফতার করে। তাদের গ্রেফতারের পর ভোটকেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলার সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আমানুল হক।
মহড়া পরিদর্শন শেষে তিনি সকল ভোটারদেরকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আশ্বস্ত করে বলেন,নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। বিশেষ করে ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের সময় দুর দুরান্ত থেকে ভোট দিতে আসা সর্বস্তরের ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর কঠিন ভূমিকা পালনের পাশাপাশি আমাদের সাথে আরো পাঁচটি ফোর্স একসাথে কাজ করবে। সাধারণ ভোটার যারা আছেন আপনারা নিরাপদে ভোটকেন্দ্র আসবেন এবং আপনাদের মহা মুল্যবান ভোট প্রদান করবেন। কিন্তু কেউ ভোটকে বানচাল এবং প্রশ্নবিদ্ধ করার চেস্টা করলে দুষ্কৃতকারীরা শতগুণ শাস্তির প্রতিফল পাবে। ইনশাআল্লাহ
মহড়ায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ফেনী জেলা উপ-অধিনায়ক মেজর রায়হান, সোনাগাজীতে দায়িত্বরত সেনাবাহিনীর অফিসার মেজর সাজ্জাদ, ক্যাপ্টেন আলিফ আল গণি, লেফটেন্যান্ট নাফিসসহ সেবাহিনীর অন্যান্য কর্মকর্তারা।
সেনাবাহিনীর এমন মহড়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলেন ৫ আগষ্টের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সেনাবাহিনী মাঠে থেকেও তাদের নীরব ভুমিকা দেখে আমরা হতাশ হয়েছিলাম। কিন্তু ভোটের আগে হঠাৎ সেনাবাহিনী এমন নিরাপত্তা মহড়া দিয়ে দুষ্কৃতিকারীদেরকে দমাতে সেনাবাহিনীর কঠিন সক্ষমতার বার্তা জানান দিয়েছেন। আমরা এতোদিন ভুল ধারণা নিয়েই ছিলাম। সেনাবাহিনীর এই সুদৃশ্য মহড়া আমাদের কাছে অনেক ভালো লেগেছে এবং ভোট দেওয়ার জন্য আগ্রহ সৃষ্টি করেছে এবং সেনাবাহিনীর এমন মহড়ার ফলে আশ্বস্ত হয়েছেন ভোটাররা।

You may also like

Leave a Comment