নিজস্ব সংবাদদাতাঃ নির্বাচন নিয়ে প্রতিবেশী কোনো দেশের উপদেশ বাংলাদেশ গ্রহণ করবে না এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, এ বিষয়ে ভারতের পরামর্শকে তিনি ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ মনে করেন।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন,
এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে আমরা একটি অত্যন্ত উচ্চমানের নির্বাচন চাই, যেখানে মানুষ নির্বিঘ্নে গিয়ে ভোট দিতে পারবে। যে পরিবেশ গত ১৫ বছর ছিল না, সেই পরিবেশ সৃষ্টি করতে চাই। এখন ভারত আমাদের নির্বাচন নিয়ে উপদেশ দিচ্ছে এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি।
তিনি আরও বলেন, আমরা এখন একটি ভালো নির্বাচনের দিকে এগোচ্ছি। এই মুহূর্তে আমাদের নসিহত করার কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কী করব। আমরা এমন একটি নির্বাচন করব, যেখানে মানুষ ভোট দিতে পারবে এবং যাদের ভোট দেবে, তারাই নির্বাচিত হবে।
ভারতের অবস্থানের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তৌহিদ হোসেন বলেন, তারা জানে যে গত ১৫ বছর ধরে যে সরকার ছিল, সেই সরকারের সঙ্গে ভারতের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। অথচ সেই সময় নির্বাচনগুলো প্রহসনমূলক হলেও ভারত একটি শব্দও উচ্চারণ করেনি।
এদিকে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে কিছুটা টানাপোড়েন রয়েছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছে, সেটিকে তিনি ‘খুব অপ্রত্যাশিত’ বলে মনে করেন না।
তিনি বলেন, এটা খুব অপ্রত্যাশিত কিছু নয়। সাধারণত একজনকে ডাকলে আরেকজনকে ডাকা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন,
এই সরকারের শুরু থেকে আজ পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তো আছেই। এটা বাস্তবতা।
তবে এই টানাপোড়েনের মধ্যেও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে বর্তমান সরকার বলে জানান তিনি।
তবে আমরা চাইলেই যে হবে, এমন নয়। দুই পক্ষ থেকেই সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা থাকতে হবে, বলেন তৌহিদ হোসেন।
