মোহাম্মদ রফিকুল ইসলামঃ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু ভূমিকা ও অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এ বিষয়ে ধৈর্যের পরিচয় দিতে চায়।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’।
সভায় তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যারা জীবন দিয়েছেন, সেই সব শহীদদের আত্মত্যাগকে জনমনে স্মরণীয় করে রাখতে বিএনপি ভবিষ্যতে কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। তবে নির্বাচন কমিশনের কিছু বাধ্যবাধকতার কারণে এ মুহূর্তে তিনি সে বিষয়ে বিস্তারিত বলতে পারছেন না বলে উল্লেখ করেন।
গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে যেন গণতান্ত্রিক মানুষরা এসব শহীদ ও নিখোঁজ ব্যক্তিদের আত্মত্যাগ থেকে প্রেরণা নিতে পারে, সে লক্ষ্যেই বিএনপি কাজ করছে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে গুম ও খুনের শিকার শহীদদের নামে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হবে, যাতে তাদের আত্মত্যাগ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়।
