নির্বাচনী ইশতেহারে সড়ক দুর্ঘটনা ও যানজট মোকাবেলার দাবি

যাত্রী অধিকার দিবসের আলোচনায় বক্তারা

by The Justice Bangla

মোহাম্মদ রফিকুল ইসলাম,ঢাকা প্রতিনিধিঃ দেশে সড়ক দুর্ঘটনা ও যানজটের ভয়াবহতা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের নির্বাচনী ইশতেহারে বিষয়গুলো অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

শনিবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী গত ১১ বছরে দেশে ৬২ হাজার ৬১৯টি সড়ক দুর্ঘটনায় ৮৬ হাজার ৬৯০ জন নিহত এবং ১ লাখ ৫৩ হাজার ২৫৭ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, বিশ্বব্যাংকের হিসেবে প্রতিদিন শুধুমাত্র ঢাকায় যানজটের কারণে ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়, যা বছরে ৯৮ হাজার কোটি টাকার ক্ষতির সমান। এতে প্রায় ১১ হাজার কোটি টাকার জ্বালানি অপচয় হয়। দীর্ঘ যানজটের কারণে স্বাস্থ্যঝুঁকি ভয়াবহ আকার ধারণ করেছে। উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, ফুসফুস ক্যান্সার, কিডনি ও হৃদরোগসহ নানা জটিলতা বাড়ছে। মানসিক চাপ ও খিটখিটে স্বভাব পারিবারিক সম্পর্কে ভাঙনও সৃষ্টি করছে।

তিনি অভিযোগ করে বলেন, ২০১৮ সালে প্রণীত সড়ক পরিবহন আইন প্রণয়নের সময় যাত্রী ও নাগরিক সমাজের মতামত উপেক্ষা করায় আইনটি সমস্যার সমাধান দিতে ব্যর্থ হয়েছে। উন্নত গণপরিবহনের অভাবে দেশজুড়ে রাইড শেয়ারিং মোটরসাইকেল, ইজিবাইক ও অটোরিকশার মতো ছোট যানবাহন প্রধান বাহনে পরিণত হয়েছে। সরকারি দুর্নীতি ও নীতিগত ব্যর্থতার কারণে যানজট শুধু নগরে নয়, বন্দর ও গ্রামাঞ্চলেও বিস্তৃত হয়েছে।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, “হাজারো ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার সড়ক খাতে সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। এ অবস্থায় প্রাণহানি রোধ ও যানজট কমানোর কৌশল প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ করা জরুরি।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য দীপক রায়, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যাত্রী কল্যাণ সমিতির সাবেক চেয়ারম্যান শরিফ রফিকুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ ইয়াসিন চৌধুরী, মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।

You may also like

Leave a Comment