ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতে উত্তরবঙ্গ সফরে তারেক রহমান

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরটি সম্পূর্ণভাবে ধর্মীয় ও সামাজিক কর্মসূচিকেন্দ্রিক এবং এতে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারি করা নির্বাচনী আচরণবিধির কোনো ধরনের লঙ্ঘন করা হবে না।

এ বিষয়ে নির্বাচন কমিশনসহ সফরসংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের বরাবর আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য সফরসূচি অনুযায়ী আগামী ১১ জানুয়ারি তারেক রহমান ঢাকা থেকে রওনা হয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ অতিক্রম করে বগুড়ায় পৌঁছাবেন এবং সেখানে রাত যাপন করবেন।
১২ জানুয়ারি তিনি বগুড়া থেকে যাত্রা করে রংপুরের পীরগঞ্জ হয়ে দিনাজপুর যাবেন এবং পরে ঠাকুরগাঁওয়ে রাত যাপন করবেন।
১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে যাত্রা করে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট হয়ে রংপুরে পৌঁছাবেন।
১৪ জানুয়ারি রংপুর থেকে সরাসরি বগুড়া হয়ে ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকালে তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ, মরহুমা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাইযোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি বিভিন্ন স্থানে দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।

এছাড়া আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করারও কর্মসূচি রয়েছে তারেক রহমানের।

দলীয় নেতারা জানিয়েছেন, এই সফর কোনো রাজনৈতিক সভা বা নির্বাচনী প্রচারণার অংশ নয়; বরং এটি সম্পূর্ণভাবে মানবিক, ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালনের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।

You may also like

Leave a Comment