তৃষ্ণার্ত ইফতারে এক ফালি তরমুজ এখন কেবলই দীর্ঘশ্বাস

by The Justice Bangla

সায়মুন শেখ, চট্টগ্রামঃ পবিত্র রমজানের চতুর্থ দিনে তপ্ত রোদে দীর্ঘ সিয়াম সাধনা শেষে এক ফালি শীতল তরমুজ যেন রোজাদারদের কাছে পরম স্বস্তির নাম। সারাদিন রোজা রেখে ইফতারের সময় শরীর ও মনকে সতেজ করতে নতুন কিছু স্বাদ নেওয়ার ইচ্ছা জাগে সবারই।

সেই তৃষ্ণা মেটাতে চট্টগ্রামের বাজারে আগাম ফলনের তরমুজ এলেও তার দাম এখন সাধারণ মানুষের সাধ্যের বাইরে এক ‘আকাশকুসুম’ কল্পনা হয়ে দাঁড়িয়েছে। নগরীর লাভলেইন, চকবাজার, বহদ্দারহাটসহ বিভিন্ন মোড়ে মোড়ে এবং ফুটপাতে থরে থরে সাজানো সবুজ তরমুজ দেখে দূর থেকে চোখ জুড়ালেও, কাছে গিয়ে দাম শুনেই থমকে দাঁড়াচ্ছেন মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো।

​বর্তমানে ছোট আকারের একটি তরমুজও বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়, আর একটু বড় সাইজের ফলগুলোর দাম হাঁকা হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। রমজানের শুরুতে পরিবারকে একটু বাড়তি আনন্দ দিতে ইফতারের ব্যাগে একটি তরমুজ নিয়ে বাড়ি ফেরার ইচ্ছা থাকলেও, চড়া মূল্যের কারণে শূন্য হাতেই ফিরতে হচ্ছে অনেক বাবাকে।

নগরীর লাভলেইন এলাকার ফুটপাতে এক তরমুজ বিক্রেতা জানান, মৌসুমের একদম শুরু হওয়ায় পাইকারি বাজারেই তাদের চড়া দামে কিনতে হচ্ছে, তাই খুচরা বিক্রিতেও দাম একটু বেশি। তবে মাঠ থেকে ফলন পুরোপুরি আসা শুরু করলে এবং সরবরাহ বাড়লে দাম স্বাভাবিক পর্যায়ে আসবে বলে আশা করছেন বিক্রেতারা।

​ততদিন পর্যন্ত সাধারণ মানুষের কাছে ইফতারের পাতে এই বিশেষ ফলটি কেবলই এক অপূর্ণ তৃষ্ণা হয়েই থাকছে। যেখানে সংযম আর ত্যাগের মাস রমজান, সেখানে বাজারের এই লাগামহীন দাম খেটে খাওয়া মানুষের মুখে এক চিলতে হাসি ফোটানোর পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। চড়া রোদে পুড়ে সারাদিন পর এক গ্লাস ঠান্ডা শরবতে তৃপ্তি খুঁজলেও, পাতে এক ফালি লাল তরমুজের অভাবটা যেন দীর্ঘশ্বাস হয়েই ঝরছে চট্টগ্রামের সাধারণ মানুষের চোখেমুখে।

You may also like

Leave a Comment