এম জাবেদ হোসাইন, মিরসরাই প্রতিনিধিঃ তরুণদের ভাবনায় মিরসরাই, তরুণদের প্রশ্নে মিরসরাই এই প্রতিপাদ্যে মিরসরাইয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে ‘Hello Our Gen-Z’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মিরসরাই পৌর সদরের ঊষা ডেভেলারস মাঠে শীতের স্নিগ্ধ পরিবেশে এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মিরসরাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য প্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান।
মুক্তমঞ্চে শিক্ষার্থীরা প্রধান অতিথির সামনে নিজেদের আশা-আকাঙ্ক্ষা, ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক ও শিক্ষাগত নানা সমস্যা এবং নাগরিক প্রত্যাশা অকপটে তুলে ধরেন। আলোচনায় শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, কর্মসংস্থান, নিরাপত্তা, বৈষম্যহীন সমাজ গঠন ও তরুণবান্ধব নীতির দাবি জোরালোভাবে উঠে আসে।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ছাইফুর রহমান বলেন, “তরুণ সমাজকে সঙ্গে নিয়েই একটি সমৃদ্ধ, দক্ষ ও উন্নত মিরসরাই গড়ে তুলতে হবে। তরুণদের চিন্তা, প্রশ্ন ও পরামর্শই ভবিষ্যৎ নেতৃত্বের পথ দেখাবে।” তিনি শিক্ষার্থীদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলে। ভবিষ্যতেও তরুণ সমাজ ও সাধারণ জনগণের অংশগ্রহণে এ ধরনের গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
