ঢাকা প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে সংঘটিত এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ তাঁর ফেসবুক পোস্টে জানান, রাফিয়ার বাড়িতে গান পাউডার ব্যবহার করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি একটি গোষ্ঠী ককটেল বিস্ফোরণ ঘটায়, যাদের তিনি ‘জঙ্গি লীগ’ হিসেবে উল্লেখ করেছেন।
ঘটনার পরপরই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায় এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা কেউ আহত হয়েছেন কিনা, সে বিষয়ে কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঘটনাটি নিয়ে ছাত্রসমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে নিন্দার ঝড় উঠেছে। অনেকে এটিকে সন্ত্রাসী তৎপরতা ও রাজনৈতিক টার্গেটেড হামলা বলে মন্তব্য করেছেন। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় সামনে আসবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
