চট্টগ্রাম প্রতিনিধি | জাস্টিস বাংলাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যখন উত্তাপ বাড়ছে, তখন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী এফসিএ’র পক্ষে জোরালো প্রচারণায় নেমেছেন তাঁর পরিবার-পরিজন। প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি স্ত্রী, সন্তান ও স্বজনরাও এখন মাঠে শেষ মুহূর্তের প্রচারণা জমে উঠেছে উৎসবমুখর পরিবেশে।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম-৪ আসনের সলিমপুর ২ নম্বর ওয়ার্ডে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন আসলাম চৌধুরীর ছোট ভাই, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক লায়ন আমজাদ হোসেন চৌধুরী। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি এবং বিএনপির পক্ষে সমর্থন চান।
এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আমার ভাইসহ আমাদের পুরো পরিবার দীর্ঘদিন ধরে জেল–জুলুম সহ্য করেছে। তবুও আমরা মাথা নত করিনি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে গেছি।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের পরিবারকে বারবার নিপীড়নের মুখে পড়তে হয়েছে। তবুও আমরা জনগণের অধিকার আদায়ের সংগ্রাম থেকে এক পা-ও পিছপা হইনি।
স্থানীয় নেতাকর্মীরা জানান, লায়ন আমজাদ হোসেন চৌধুরীর উপস্থিতিতে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং সাধারণ ভোটারদের মধ্যেও ‘ধানের শীষ’-এর পক্ষে ইতিবাচক সাড়া মিলছে।
