নিজস্ব প্রতিবেদকঃ জামিনে মুক্ত ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর কার্যকলাপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার কক্সবাজার জেলা জামায়াত নেতার সঙ্গে রাস্তায় বসে ইফতার করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
শুক্রবার উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোমরিয়াঘোনা এলাকায় জন চলাচলের রাস্তার ওপর এই ইফতার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইন, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ভারপ্রাপ্ত ঈদগাঁও ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল হাকিম এবং ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি ডা. এহছানুল হক।
স্থানীয়রা জানান, ইফতারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে স্থানীয় রাজনীতিতে অস্বাভাবিক এক রাজনৈতিক সমীকরণ হিসেবে দেখছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সোহেল জাহান চৌধুরীর মাঠে সক্রিয় গণসংযোগ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এমন প্রকাশ্য মিলনমেলা স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করতে পারে।
প্রসঙ্গত, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে সোহেল জাহান চৌধুরী একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আলোচনায় আসেন। নির্বাচনের আগ মুহূর্তে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনার জন্য এক উঠান বৈঠকে তিনি জামায়াত নেতাকে মোনাজাত পরিচালনার সুযোগ দেন। নির্বাচনের পর জামিনে মুক্ত হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন জনসভায় অংশগ্রহণ করেও তিনি নতুন করে বিতর্কের জন্ম দেন।
