মো. এমদাদ হোসেন ভূঁইয়া, সিলেটঃ সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভে জড়িত থাকায় গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি।
শনিবার (১৪ জুন) যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার অপকর্মের দায় দল নেবে না এবং যুবদলের কোনো পর্যায়ের নেতাকর্মী যেন তার সঙ্গে যোগাযোগ না রাখে সে নির্দেশনাও দেওয়া হয়েছে।
জানা গেছে, শনিবার সকালে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেন স্থানীয় জনতা। বিক্ষোভে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা যুবদল ও ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।
বিক্ষোভে নেতৃত্বে ছিলেন—পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম ও ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লা।
এ ঘটনাকে কেন্দ্র করে যুবদলের অভ্যন্তরীণ শৃঙ্খলার প্রশ্নে কেন্দ্রীয় কমিটি তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ নেয়।
এর আগে, পাথর উত্তোলনের অভিযোগে ২০২৩ সালের ১৪ অক্টোবর বিএনপির সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পদ স্থগিত করা হয়। চলতি বছরের ৯ জুন জাফলংয়ে অবৈধ পাথর উত্তোলনে সম্পৃক্ততার অভিযোগে বহিষ্কার করা হয় জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমকে।
সাম্প্রতিক সময়ে পাথর কোয়ারি বন্ধের ঘোষণাকে কেন্দ্র করে জাফলং এলাকায় একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতাদের একাংশের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
