আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করে যে সম্মান দেখিয়েছেন, সর্বোচ্চ সেবা দিয়ে তাদের এই সম্মানের বদলা ও মর্যাদা দিতে হবে। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন (কাঠালতলী) পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন (কাঠালতলী) পরিষদ কার্যালয় সাড়ে ৪ বছর পর ফিরেছে নিজস্ব ভবনে। ২০২১ সালের ২৫ এপ্রিল ইউনিয়ন পরিষদ ভবনটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি কক্ষসহ ভবন, কার্যালয়ের সকল নথিপত্র, আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। দীর্ঘ সাড়ে ৪ বছর ভাড়া দোকানে কার্যক্রম চালানো হয় ইউনিয়ন পরিষদের। এতে জনপ্রতিনিধি ও ইউনিয়নবাসি পোহান নানা ভোগান্তি। প্রায় এক বছর পর জেলা পরিষদের অর্থায়নে নির্মাণ কাজ শুরু হয় নতুন ভবনের।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিনের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা আহমেদ জাকারিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন প্রশাসনিক কর্মকর্তাদের উদ্যেশ্যে বলেন, অনিবন্ধিত শিশুদের খোঁজে বের করে জন্মনিবন্ধন ও মৃত ব্যক্তিদের মৃত্যু নিবন্ধন করার আহবান জানান। তিনি প্রত্যেক ইউপি সদস্যকে মাসে কমপক্ষে ছয়টি করে জন্মনিবন্ধন করানোর তাগিদ দিয়েছেন।
