মোহাম্মদ সাগর, ছাগলনাইয়া প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়া গোদা মধ্যম পাড়ায় ক্রীড়াপ্রেমীদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হলো ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৫। মাটিয়া গোদা মধ্যম পাড়া বন্ধু একতা সংঘ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
টুর্নামেন্টের রাউন্ড অব সিক্সটিনে অনুষ্ঠিত হয় দুটি উত্তেজনাপূর্ণ ম্যাচ। প্রথম ম্যাচে মুন্সী বাড়ী ফুটবল একাদশ ও ভালুয়া ফুটবল একাদশের মুখোমুখি লড়াই নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকায় ট্রাইবেকারে গড়ায়। এতে ৩-২ গোলে জয় লাভ করে ভালুয়া ফুটবল একাদশ।
দ্বিতীয় ম্যাচে মোহাম্মদপুর ফুটবল একাদশ ও ভাই ব্রাদার্স ফুটবল একাদশের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ট্রাইবেকারে ১-০ গোলে জয় তুলে নেয় মোহাম্মদপুর ফুটবল একাদশ।
দ্বিতীয় রাউন্ডের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম। তিনি বলেন,ক্রীড়া চর্চা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামায়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ, ইউনিয়ন যুবদলের সদস্য জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, প্রবাসী ও সমাজসেবকসহ এলাকার বিভিন্ন সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ অতিথিরা বলেন, খেলাধুলা যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখে এবং এমন আয়োজন তরুণদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করবে।
খেলার সভাপতিত্ব করেন মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুন্সি আব্দুল কাইয়ুম মেম্বার। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন ইয়াছিন মজুমদার এবং সহকারী রেফারি হিসেবে ছিলেন মোহাম্মদ সালমান। প্রাণবন্ত ধারাভাষ্যের মাধ্যমে খেলাকে আরও উপভোগ্য করে তোলেন মোহাম্মদ সাগর।
আয়োজকরা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে টুর্নামেন্ট সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় ক্রীড়া প্রতিভা বিকাশ এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই আয়োজন।
উল্লেখ্য, টুর্নামেন্টে বিভিন্ন এলাকার একাধিক দল অংশগ্রহণ করছে। আগামী কয়েকদিন ধরে চলমান এ ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট মাটিয়া গোদাসহ আশপাশের এলাকার ক্রীড়াপ্রেমীদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।
