মোহাম্মদ সাগর,ছাগলনাইয়া প্রতিনিধিঃ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত উওর সতেরো নদীর কূলবর্তী রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক মুন্সী রফিকুল আলম মজনু। শনিবার দুপুরে তিনি স্থানীয় ব্যক্তি, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহম্মদ মজুমদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বিএ, উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন, মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন, যুগ্ম-আহ্বায়ক মুন্সী আবদুল কাইয়ুম ও আনোয়ার হোসেন ফরায়েজী, মহামায়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফজলুল মজিত জুটন এবং মহামায়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুন্সী ওমর ফারুক।
দীর্ঘদিন ধরে বন্যার পানির তোড়ে রাস্তা ভেঙে যাওয়ায় স্থানীয়রা চরম ভোগান্তিতে ছিলেন। স্কুল–কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের প্রতিদিনের যাতায়াত প্রায় অচল হয়ে পড়েছিল। যোগাযোগ ব্যবস্থার অবনতি এবং নদীর পাড় ধ্বংসের ঝুঁকি স্থানীয়দের আতঙ্কে রেখেছিল।
স্থানীয়রা জানান, রাস্তা ভেঙে যাওয়ার পর বহুদিন ধরে দুর্গম পথ পাড়ি দিতে হয়েছে। অবশেষে সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকায় স্বস্তির বাতাস বইছে। তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হলে যাতায়াত স্বাভাবিক হবে এবং নদীর পাড়ও সুরক্ষিত থাকবে।
পরিদর্শন শেষে মুন্সী রফিকুল আলম মজনু বলেন, মানুষের কষ্ট লাঘবের জন্যই আজ এই সংস্কার কাজের সূচনা করা হলো। এলাকাবাসীর সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করা হবে।
তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানান।
