ফেনী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজীতে উত্তম কুমার দাস নামের এ ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজি জোর পূর্বক জমি দখল, প্রতারনার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা জাফর উল্লাহ নয়নের (৪৯) এর বিরুদ্ধে। এসব অভিযোগের প্রেক্ষিতে জাফর উল্লাহ নয়নকে গ্রেপ্তার করে সোনাগাজী মডেল থানা পুলিশ। গ্রেফতারের পর আদালত তাকে ফেনী জেলা কারাগারে পাঠায়।
স্থানীয়রা জানান, জাফর উল্লাহ নয়ন ও তার অনুসারীরা উত্তম কুমার দাসের পরিবারকে জমি জবরদখলের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার করতে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করছেন ও তাদের বাড়িঘরসহ পুড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছেন। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নয়ন এলাকায় নানা ধরনের অপকর্ম চালিয়েছেন।
জাফর উল্লাহ নয়ন সোনাগাজী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উত্তর চরছান্দিয়া গ্রামের বড় বাড়ির মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, চরছান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম কুমার দাসের মালিকানা জমি চরছান্দিয়া মৌজায় ২ দাগে ১৭ ডিং ও ৯ ডিং জায়গা দীর্ঘদিন পর্যন্ত জবরদখল করে রেখেছিলেন আওয়ামী লীগ নেতা নয়ন।
গত ১৩ মে উত্তম তার মালিকানা জায়গায় কাজ করতে গেলে নয়ন তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। উত্তম প্রাণ ভয়ে বাড়ি থেকে এখনো পালিয়ে বেড়াচ্ছেন। এ ঘটনায় তিনি সোনাগাজী থানায় পুনরায় লিখিত অভিযোগও দিয়েছেন।
উত্তম কুমার দাস বলেন, ‘আমার বাবা মৃত উষা রঞ্জন দাসের নামে এই জায়গা সিএস খতিয়ানে রেকর্ড রয়েছে। কিন্তু নয়ন প্রতারণার আশ্রয় নিয়ে বিএস রেকর্ডে তার নামে রেকর্ড করে নেন। জমিতে চাষাবাদ করতে গেলে আমাকে মেরে পেলার হুমকি দেয় নয়নগং। গত ১৩ মে নয়ন ও তার ভাই আবদুল হালিম আমার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে তারা।
নাম না প্রকাশ করা শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, উত্তমের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছে নয়ন। আওয়ামী লীগ নেতা হওয়ায় তার বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পেতো না। সে দলীর প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে মানুষকে হুমকি-ধমকি দিয়ে জায়গা জমি জবর দখল করতো।
স্থানীয় আরেকজন জানান, বিগত সরকারের সময়ে নয়নের সহযোগী আওয়ামী লীগ নেতা রফিকের সহযোগিতায় এবং রফিকের ভগ্নিপতি এক বিচারকের প্রভাব খাটিয়ে এলাকায় রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে হামলা ও মামলা দিয়ে হয়রানি করতো নয়ন। রফিক ঐ বিচারকের নাম বিক্রি করে আদালত প্রাঙ্গনসহ ভূমি অফিসেও দালালি করতো।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
ওসি মো: বায়েজিদ আকন বলেন, ‘জমি দখল ও হুমকির অভিযোগে নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে। হুমকির বিষয়েও অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জাফর উল্লাহ নয়ন কারাগারে থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
