চট্টগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

by The Justice Bangla

মো: ইফতেখার উদ্দিন সাকিব: চট্টগ্রাম, ২৫ জুন ২০২৫:বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে আজ চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছরের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল “Beat Plastic Pollution,” যার বাংলা ভাবার্থ “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়।”

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ড. মো. মনজুরুল কিবরীয়া।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন ড. মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা।

বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে এর প্রতিরোধে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেন। মাসব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক রচনা, স্লোগান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জমির উদ্দিন স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্লাস্টিক দূষণ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান জানান বক্তারা।

You may also like

Leave a Comment