চট্টগ্রামে প্রথমবারের মতো যমজ শিশু আলাদা করার সফল অস্ত্রোপচার

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে যমজ শিশুর জোড়া লাগা দুটি শরীরকে আলাদা করা হয়েছে। নগরের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে গত ৭ মে এই জটিল অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। বর্তমানে দুই নবজাতক, রিয়াসাত ও রেনিশ, সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নগরের খুলশী এলাকার বাসিন্দা সুরাইয়া বেগম গত ৬ মে এই যমজ সন্তানের জন্ম দেন। ৩৪ সপ্তাহের গর্ভাবস্থায় অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটি জন্মগ্রহণ করে। জন্মের সময় তাদের ওজন ছিল যথাক্রমে ৯৭৩ ও ১০৪৫ গ্রাম, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১২৫৫ ও ১৩৫০ গ্রামে।

শিশু সার্জন ডা. আদনান ওয়ালিদের নেতৃত্বে ২৩ ঘণ্টার মধ্যেই শিশু দুটির অপারেশন করা হয়। ডা. ওয়ালিদ জানান, এটি দেশের ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে জোড়া লাগানো শিশু আলাদা করার ঘটনা। অপারেশনে বিভিন্ন বিভাগের ১৮ জন চিকিৎসক অংশ নেন, যাদের মধ্যে ৮ জন ছিলেন বিশেষজ্ঞ। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই অপারেশনে বুক ও পেটের সংযুক্ত অংশ এবং শ্বাসনালির কিছু জটিল সংযোগ সফলভাবে আলাদা করা হয়।

হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞ ডা. রেশমা শারমিন জানান, ২৮ সপ্তাহে আল্ট্রাসনোগ্রাফিতে শিশু দুটির সংযুক্ত থাকার বিষয়টি ধরা পড়ে। গর্ভাবস্থায় এক শিশুর রক্ত সঞ্চালন কম হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। অস্ত্রোপচারের সময়ের ঝুঁকি সত্ত্বেও বিশেষজ্ঞদের সমন্বিত প্রচেষ্টায় অপারেশনটি সফল হয়।

গত ২৮ মে হাসপাতালের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সাফল্যের ঘোষণা দেয়া হয়। উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান ওয়াহেদ মালেক, ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবী, প্রধান নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা। অপারেশনের খরচসংক্রান্ত প্রশ্নে মন্তব্য না করলেও ভবিষ্যতে জটিল চিকিৎসাসেবায় আরও উন্নত ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

দেশের চিকিৎসাক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রামে এই ধরনের সফল অস্ত্রোপচার প্রথম এবং দেশের মধ্যে এটি ষষ্ঠ। চিকিৎসাবিজ্ঞানে এই সাফল্য শুধু চট্টগ্রাম নয়, সারা দেশের জন্যই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

You may also like

Leave a Comment