গোয়াইনঘাটে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ আহত একাধিক

ফসলি জমি থেকে গভীর করে বালু উত্তোলনের অভিযোগ; দুই পক্ষের মধ্যে রামদা–কুড়াল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

by The Justice Bangla

জুবায়ের, গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বড়বন্দ এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়বন্দ গ্রামের একটি ফসলি জমি থেকে প্রায় ৬০–৭০ ফুট গভীর করে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে শিকদার গ্রুপের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের বাধার মুখে গত ৩–৪ দিন ধরে বালু উত্তোলন ও সরবরাহ বন্ধ ছিল। তবে বুধবার ভোর থেকে আবারও বালু উত্তোলন শুরু হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, ছাত্রদল নেতা পরিচয়ে আরিফ নামের এক ব্যক্তি বালু পরিবহনের সঙ্গে জড়িত ছিলেন। ৫ ফেব্রুয়ারি সকালে তিনি স্থানীয় চিকিৎসক ডা. নুর মোহাম্মদের দোকানে গিয়ে অশ্রাব্য ভাষায় গালাগালি করেন বলেও দাবি করা হয়েছে।

পরে সকাল সাড়ে ১১টার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্র—রামদা ও ধারালো কুড়াল নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। পরিস্থিতি শান্ত করতে রাতে স্থানীয় রাধানগর বাজারে বৈঠকের আহ্বান করা হয়। তবে তারাবির নামাজের পর ট্রাক ও ভারী যন্ত্রপাতি নিয়ে এলাকায় গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে আহতদের স্থানীয়রা উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

প্রথম পক্ষের আহতরা হলেন— পারভেজ আহমদ (২১), সিয়াম (১৮), শরিফ (২৯), সুজন (২৮), সাব্বির (১৬), আজাদ (২৫), তুফায়েল (২৫), ইসমাইল (২১) ও সরিফ (১৭)।

অন্যদিকে দ্বিতীয় পক্ষের আহতরা হলেন— সাহালম (২৮), সাহাদত (২৫), সমির (২৬) ও চানমিয়া (৩০)।

স্থানীয়রা জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং কয়েকজন আহত হন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। তবে বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

You may also like

Leave a Comment