স্টাফ রিপোর্টারঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় হাদির ওপর সশস্ত্র হামলা চালানো হয়। এসময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি মারাত্মকভাবে আহত হন। দ্রুত তাকে ঢামেকে নেওয়া হলে জরুরি বিভাগ থেকে সরাসরি অপারেশন থিয়েটারে পাঠানো হয়।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন,
হাদির অবস্থা ক্রিটিক্যাল। তার মাথার ভেতরে গুলি রয়ে গেছে। লাইফ সাপোর্টে রেখে সার্জারি চলছে।
এরই মধ্যে হাসপাতালে পৌঁছে হাদিকে দেখতে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। হাদির গুরুতর অবস্থায় কান্নায় ভেঙে পড়েন হাসনাত আবদুল্লাহ। হাসপাতালে উপস্থিত এনসিপির নেতাকর্মীদেরও মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
হাদির মতো আমরাও শঙ্কার মধ্যে আছি। আমাদেরকেও মেরে ফেলার চেষ্টা হতে পারে। কিন্তু তবুও আমরা জীবন দিয়ে লড়াই চালিয়ে যাব।
হাদির ওপর এই নৃশংস হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তার দল, সমর্থক ও স্থানীয় বাসিন্দারা।
