কৃষি খাতকে টেকসই করতে উদ্যোক্তা সৃষ্টি জরুরি: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ দেশকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে কৃষি খাতকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, “উদ্যোক্তাদের দক্ষতা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং আর্থিক সহায়তার মাধ্যমে কৃষিকে টেকসই পথে নিয়ে যেতে হবে।”

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গভর্নর আরও বলেন, জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান অপরিসীম। তাই কৃষি উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতার উন্নয়ন এবং আর্থিক পৃষ্ঠপোষকতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

অনুষ্ঠানটি আয়োজন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)। এতে সভাপতিত্ব করেন ইউসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এম খালেকুজ্জামান।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় কৃষি ও কৃষি-সংক্রান্ত খাতের উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রায় তিন শতাধিক কৃষি উদ্যোক্তা এতে অংশগ্রহণ করেন।

সবশেষে জেলার ১৩ জন কৃষককে উন্মুক্ত ঋণ প্রদান করা হয়, যা তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

You may also like

Leave a Comment