কুতুবদিয়ায় নোঙর করেছে রাশিয়ার গমবাহী জাহাজ

খাদ্য নিরাপত্তায় বাড়তি ভরসা যোগাবে ৫২ হাজার মেট্রিক টন চালান

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধিঃ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে রাশিয়া থেকে আমদানিকৃত নতুন গম চালান। ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে MV PERTH I নামের জাহাজ সোমবার (২৯ সেপ্টেম্বর) কুতুবদিয়া বর্হিনোঙ্গরে নোঙর করেছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ৭ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ সরকার নগদ ক্রয় চুক্তির মাধ্যমে এই গম আমদানির সিদ্ধান্ত নেয়। সেই চুক্তির অংশ হিসেবেই এ চালান দেশে পৌঁছেছে।

জাহাজ থেকে গম দ্রুত খালাস নিশ্চিত করতে এর নমুনা পরীক্ষা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গমের মান পরীক্ষায় সন্তোষজনক ফল এসেছে। এখন শুধু খালাস কার্যক্রম শুরু হলেই গম দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো যাবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, ৩১ হাজার ৫ শত মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। এতে দেশের দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলে খাদ্যশস্য পরিবহনে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ববাজারে খাদ্যশস্যের দাম অস্থিরতার মধ্যেই রাশিয়া থেকে এ গম আমদানি বাংলাদেশকে কিছুটা স্বস্তি দেবে। বিশেষ করে সরকারি খাদ্যগুদামগুলোতে মজুত বাড়লে ত্রাণ কর্মসূচি, টিসিবি বিক্রয় এবং দরিদ্র মানুষের জন্য ভর্তুকিমূল্যে চাল-আটা সরবরাহে সহায়ক হবে।

খাদ্য বিশেষজ্ঞদের মতে, রাশিয়া ও অন্যান্য দেশ থেকে ধারাবাহিক আমদানির মাধ্যমে সরকারের খাদ্য রিজার্ভ শক্তিশালী হলে অভ্যন্তরীণ বাজারও স্থিতিশীল থাকবে।

You may also like

Leave a Comment