কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির প্রার্থী ও সাবেক পাঁচবারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মুরাদনগরে বুধবার বিকেলে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুরাদনগর উপজেলা সদরের বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহ চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিল ও সমাবেশে অংশ নেন উপজেলার সর্বস্তরের জনগণ।
সমাবেশে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ কামাল উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট তৌহীদ আহমেদ এবং মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদুল নাঈমসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের দুর্নীতি ও অপকর্ম আড়াল করতে কায়কোবাদকে নিয়ে মিথ্যা তথ্য ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিচ্ছেন। তারা বলেন, “কায়কোবাদ একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। তাকে হেয় করার জন্য পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা জানান, কায়কোবাদের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র বা মিথ্যাচার করলে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। এছাড়াও তারা অভিযোগ করেন, কিছু ফেসবুক পেইজ ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে পরিকল্পিতভাবে কায়কোবাদকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এ ঘটনার পেছনে উত্তেজনা সৃষ্টি হয় গত মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্তব্যের পর। সেখানে তিনি কায়কোবাদকে ঋণ খেলাপি এবং তুরস্কের নাগরিক উল্লেখ করেন, যা এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
