মোহাম্মদ খোরশেদ হেলালি,কক্সবাজার প্রতিনিধিঃ বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে ভোটের মাঠে দৃশ্যপট বদলে গেছে।
কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমদের বিপরীতে জামায়াতের তরুণ নেতা মুহাম্মদ আবদুল্লাহ আল ফারুক মাঠে নেমে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। রাজনৈতিক অভিজ্ঞতায় ব্যবধান থাকলেও গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে জামায়াতের সক্রিয় প্রচারণা এই আসনে উত্তেজনা বাড়িয়েছে।
কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে সাবেক দুই সাংসদ বিএনপির আলমগীর মাহফুজউল্লাহ ফরিদ ও জামায়াতের ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। মহেশখালীর ভোটই এখানে ফল নির্ধারণে বড় ফ্যাক্টর হিসেবে দেখা হচ্ছে।
কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনে বিএনপির অভিজ্ঞ প্রার্থী লুৎফুর রহমান কাজলের বিপরীতে জামায়াতের ভিপি বাহাদুর জোরালো প্রচারণা চালাচ্ছেন। রামুর বড় ভোট ব্যাংক বিএনপির শক্তি হলেও জামায়াত পিছিয়ে নেই।
কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির চারবারের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর সঙ্গে লড়ছেন জামায়াতের জেলা আমীর মাওলানা নূর আহমদ আনোয়ারী। আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় তাদের ভোট কোন দিকে যাবে, সেটিই এখানে বড় অনিশ্চয়তা।
সামগ্রিকভাবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কক্সবাজারের চারটি আসনেই এবার বিএনপি–জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং ফল নির্ধারণে মাঠপর্যায়ের প্রচারণা ও ভোটার উপস্থিতিই চূড়ান্ত ভূমিকা রাখবে।
