ওজন কমবে ভেবে প্রতিদিন চিয়া বীজ খান? জেনে নিন কোন ৩ ভুল একেবারেই করবেন না!

বিশেষজ্ঞদের মতে, নিয়ম না মেনে চিয়া বীজ খেলে উপকার নয়, বরং হতে পারে ক্ষতি

by The Justice Bangla

নিজস্ব প্রতিনিধিঃ ওজন কমানোর আশায় অনেকেই প্রতিদিনের খাদ্যতালিকায় রাখছেন চিয়া বীজ। কেউ তা লেবুর রস মিশিয়ে পান করেন, কেউ দইয়ের সঙ্গে খেয়ে থাকেন। কিন্তু নিয়ম না মেনে চিয়া বীজ খেলে কাঙ্ক্ষিত ফল মেলে না, বরং হতে পারে শরীরের নানা সমস্যা।

মুম্বইয়ের পুষ্টিবিদ রমিতা কৌর জানিয়েছেন, চিয়া বীজ পুষ্টিগুণে ভরপুর হলেও কিছু সাধারণ ভুলের কারণে এর সুফল নষ্ট হয়ে যায়। সঠিক নিয়মে না খেলে এর উপকারের বদলে অস্বস্তিও তৈরি হতে পারে।

১: চিয়া বীজ খেলে ওজন কমবেই এই ধারণা ভুল
রমিতা কৌর বলেন, “চিয়া বীজে ফাইবার ও মাইক্রোনিউট্রিয়েন্ট থাকলেও এটি ওজন কমানোর জাদু নয়। এটি শুধু কিছু সময়ের জন্য পেট ভরিয়ে রাখে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। কিন্তু সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম ছাড়া শুধুমাত্র চিয়া বীজ খেয়ে ওজন কমানো সম্ভব নয়।

২: না ভিজিয়ে খাওয়া
অনেকে দই বা সিরিয়ালের সঙ্গে শুকনো চিয়া বীজ মিশিয়ে খেয়ে নেন। কিন্তু এই অভ্যাস বিপজ্জনক হতে পারে। রমিতা সতর্ক করে বলেন, চিয়া বীজ খাওয়ার আগে অন্তত ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখা জরুরি। না ভিজিয়ে খেলে তা গলায় আটকে যেতে পারে, এমনকি শ্বাসকষ্টের আশঙ্কাও থাকে।

৩: পর্যাপ্ত পানি না খাওয়া
চিয়া বীজ নিজের ওজনের ১০-১২ গুণ পানি শোষণ করতে পারে। ফলে যথেষ্ট পানি না খেলে হজমের সমস্যা, পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। পুষ্টিবিদের পরামর্শ, চিয়া বীজ খাওয়ার সঙ্গে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি।

সঠিক নিয়মে খেলেই মিলবে উপকার চিয়া বীজে রয়েছে ফাইবার, প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও নানা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এটি পরিমিত পরিমাণে, সঠিকভাবে ভিজিয়ে খেলে শরীরের জন্য উপকারী। তবে ওজন কমানোর একমাত্র উপায় নয় বরং এটি একটি ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাসের অংশ হতে পারে।

You may also like

Leave a Comment