মোহাম্মদ রফিকুল, ঢাকা প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থান–২০২৪ এ আহত সাতজন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী সোমবার তারা চিকিৎসার উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন।
রোববার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের উপসচিব মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, সোমবার সকাল সোয়া ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা দেবেন। উন্নত চিকিৎসা গ্রহণের সময় প্রত্যেক আহত যোদ্ধার সঙ্গে একজন করে পরিবারের সদস্য থাকবেন।
থাইল্যান্ডে চিকিৎসার জন্য যেসব জুলাই যোদ্ধাকে পাঠানো হচ্ছে তারা হলেন মো. সুজন মিয়া, শেখ মোহাম্মদ শান্ত, মো. শাকিল, মো. লিটন, আলী হোসেন, মো. মিজান মিয়া ও মো. হামিদুল সরকার।
সরকারি আদেশ অনুযায়ী, বিদেশে চিকিৎসা চলাকালীন সময়ে আহত যোদ্ধাদের শারীরিক ও মানসিক সহায়তা নিশ্চিত করতে প্রত্যেকের সঙ্গে একজন করে পরিবারের সদস্যকে রাখার ব্যবস্থা করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
