নিজস্ব সংবাদদাতাঃ আট বছর পর যুক্তরাষ্ট্র থেকে ৫৭ হাজার ৮৫৫ টন ভুট্টার একটি বড় চালান বাংলাদেশে পৌঁছেছে। বুধবার চট্টগ্রাম বন্দরের কনফিডেন্স সিমেন্ট ঘাটে আনুষ্ঠানিকভাবে ভুট্টার খালাস কার্যক্রম শুরু হয়েছে।
চালানটি ‘এমভি বেলটোকিও’ নামের মাদার ভেসেল দ্বারা আনা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভ্যাংকুভার বন্দর থেকে যাত্রা করে গত ৩১ ডিসেম্বর বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
চালানটিতে নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটা থেকে উৎপাদিত ৫৭,৮৫৫ টন হলুদ ভুট্টা রয়েছে। দেশের পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নাহার অ্যাগ্রো গ্রুপ, প্যারাগন গ্রুপ ও নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড যৌথভাবে এই পণ্য আমদানি করেছে। এর মধ্যে নারিশ সংগ্রহ করবে ২৯ হাজার টন, প্যারাগন পাবে ১৯ হাজার টন এবং নাহার অ্যাগ্রো পাবে ১০ হাজার টন।
