নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রামঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম নগরীর ৯নং উত্তর পাহাড়তলী এলাকায় প্রায় ১৫০০ সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করেছে ইসহাক নূর ফাউন্ডেশন। এলাকার আটটি মহল্লায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
প্রতিবছরের ধারাবাহিকতায় আয়োজিত এ উদ্যোগে স্বল্পআয়ের মানুষের হাতে চাল, ডাল, তেল, ছোলা, চিনি, খেজুরসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, রমজান মাসে যেন কোনো পরিবার সেহরি ও ইফতারে কষ্ট না পায় সে লক্ষ্যেই এ আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজসেবক আলহাজ্ব ইদ্রিস মোহাম্মদ নুরুল হুদা। তিনি বলেন, “রমজান আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। আমাদের চেষ্টা এলাকার কোনো মানুষ যেন অভাবের কারণে ইফতার বা সেহরি থেকে বঞ্চিত না হন। ভবিষ্যতেও এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এস এম জিয়া উল হুদা (শাহরিয়ার জিয়া)। তিনি স্বেচ্ছাসেবকদের সঙ্গে সরাসরি উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম তদারকি করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ ও হাজী আব্দুল আলী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা শরীফ মোহাম্মদ সোলায়মান আল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা মনির উদ্দিন আল কাদেরী, আবুল হাসনাত, ফারুক, সেলিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা রমজানের এই পবিত্র মাসে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সহায়তা পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
