নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, দেশের সুখি-সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের বিকল্প নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমতার ভিত্তিতে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করা হবে।
শনিবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে চাটিবহর এলাকায় ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিফতাহ সিদ্দিকী বলেন, “জাতির বিশেষ ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে কিছু বিপথগামী সেনাসদস্যের কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বিগত ফ্যাসিস্ট শাসন পুরো রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করেছে। এখন আমাদের দায়িত্ব তা মেরামত করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া।”
তিনি আরও বলেন, “প্রাকৃতিক খনিজ সম্পদ ও পর্যটন শিল্পে সমৃদ্ধ কোম্পানীগঞ্জ উপজেলাকে সঠিক পরিকল্পনার মাধ্যমে পর্যটন হাবে রূপান্তরিত করা সম্ভব। এতে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেকারত্ব দূর হবে। অসমাপ্ত উন্নয়ন কার্যক্রমও ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ।”
তেলিখাল ইউনিয়ন বিএনপির সভাপতি আরজ আহমদ আনো মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনসুর আলম ও শিহাব উদ্দিন মেম্বারের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নুরুল মুত্তাকিন বাদশা, নুরুল আমিন, আবুল কালাম ও উসমান আলী।
এছাড়া সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতাহ, উসমান খা, ওমর ফারুক, হোসেন আরিফ, জুয়েল আহমদ, সাজ্জাদ হোসেন দুদু, মুস্তাকিম আহমদ ফরহাদ, এমাদুর রহমান ইনজাদ, আব্দুল্লাহ আল মামুন, নাজিম আহমদ, আব্দুল আলীম, আতিকুর রহমান রমজান প্রমুখ।
