হাসিনা আপার রেখে যাওয়া সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল

by The Justice Bangla

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গেলেও দেশের সমর্থক ও নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে গেছেন এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি এসব সমর্থক ও কর্মীদের পাশে থাকবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের দেবীপুর শোল্টোহরি বাজার ও সদর উপজেলার দেবীপুর আদর্শ গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে গিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের হাসিনা আপা ভারতে চলে গেছেন। তিনি গেছেন ভালো করেছেন, কিন্তু এলাকার সমর্থক-কর্মীদের বিপদে ফেলে গেছেন কেন? আমরা তাদের বলতে চাই আপনারা বিপদে পড়বেন না। আমরা আপনাদের পাশে আছি। যারা অন্যায় করেছে, তাদের শাস্তি হবে। আর যারা অন্যায় করেনি, তাদের কোনো শাস্তি হতে দেবো না।

এ সময় তিনি পরোক্ষভাবে জামায়াতকে ইঙ্গিত করে বলেন, একটি দল বলছে তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কোনো মার্কায় সিল দিলেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সবাই জান্নাতেই চলে যেত।

তিনি আরও বলেন, জান্নাতে যেতে হলে আল্লাহর তুষ্টি অর্জন করতে হবে। নামাজ-রোজা পালন করতে হবে। শুধু ভোট দিয়ে জান্নাতে যাওয়ার কথা বলা মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়।

দেশ পরিচালনার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, অভিজ্ঞতার আলোকে বিএনপি ছাড়া এখন দেশ পরিচালনার মতো আর কোনো দল নেই। আমরা ক্ষমতায় ছিলাম, দেশ পরিচালনা করেছি। জামায়াতের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চাই। বিভেদের রাজনীতি আমরা চাই না।

সমাবেশে তিনি বিএনপির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান। পাশাপাশি ভবিষ্যতে এলাকায় উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন।

You may also like

Leave a Comment