হাদির অবস্থা এখনও ক্রিটিক্যাল, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই চিকিৎসা চলবে: ডা. আহাদ

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি গণমাধ্যমকে জানান, হাদির চিকিৎসা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই চলবে এবং আপাতত কনজারভেটিভ ম্যানেজমেন্ট অব্যাহত রাখা হবে।

ডা. আহাদ বলেন, আজও শরিফ ওসমান হাদির সিটি স্ক্যান করা হয়েছে। তার ব্রেনের যে স্কেমিয়া ছিল, সেটি কিছুটা বেড়েছে। হার্ট, ফুসফুস ও কিডনি ভেন্টিলেশন সাপোর্টে ফাংশন করছে। ইউরিন আউটপুটও আগের মতো সাপোর্টের মাধ্যমেই হচ্ছে।

তিনি আরও বলেন, হাদির ব্রেনের ভেতরে গুলির একটি ছোট অংশ এখনও রয়ে গেছে। সেটি অপসারণের জন্য নতুন করে অস্ত্রোপচার প্রয়োজন হবে কি না, অথবা সেই অস্ত্রোপচারের জন্য তাকে যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কি না এসব বিষয় নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা চলছে।

অস্ত্রোপচারের ঝুঁকি প্রসঙ্গে ডা. আহাদ বলেন, যে জায়গায় গুলির অংশটি রয়েছে, সেখানে অপারেশন করলে নতুন করে জটিলতা তৈরি হতে পারে কি না, সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পাশাপাশি দীর্ঘ জার্নির ধকল তার শরীর নিতে পারবে কি না, সে বিষয়েও চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন। এতে পরিবারের মতামতও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, হাদির অবস্থা এখনো ক্রিটিক্যাল হলেও স্ট্যাটিক রয়েছে। প্রতিদিন প্রয়োজনীয় ইনভেস্টিগেশন করা হচ্ছে।

সবশেষে তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই তার জন্য দোয়া করবেন এবং কোনো ধরনের গুজবে কান দেবেন না।

You may also like

Leave a Comment