সোনাগাজীতে জুলাই যোদ্ধা পরিচয়ে রাতের আঁধারে কৃষিজমির মাটি লুট, ৫০ হাজার টাকা জরিমানা

by The Justice Bangla

ফেনী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে মো. আফসার হোসেন (মোহিন) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত ব্যক্তি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছিল বলে জানা গেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে নবাবপুর ইউনিয়নের সফরাবাদ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়া। এ সময় ভেকু মেশিন ব্যবহার করে ফসলি জমির টপসয়েল কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একই স্থানে মাটি কাটার খবর পেয়ে নবাবপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ব্যক্তি ও ভেকু চালক পালিয়ে যান। সে সময় একটি ভেকুর ব্যাটারি জব্দ করে মেশিনটি বিকল করে দেওয়া হয়।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে হাতেনাতে আটক করে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া জানান, অনুমতি ছাড়া কৃষিজমির মাটি বা বালু কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। পরিবেশ, কৃষি ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সোনাগাজী মডেল থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment