ফেনী প্রতিনিধিঃ সোনাগাজীতে ফেনী নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১৪ আগস্ট দুপুরে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের সওদাগর হাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফেনী নদীর পাড় থেকে এস্কেভেটর দিয়ে বালু ও মাটি কেটে নদীর তীর ক্ষতিগ্রস্ত করার সময় হাতেনাতে আটক করা হয় আবদুল করিম (৩৫) ও আবদুল হালিম সামির (৩৫) নামের দুই জনকে।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা।
অভিযান শেষে ইউএনও রিগ্যান চাকমা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর পাড় ভেঙে যাচ্ছে, স্থানীয়দের কৃষিজমি হুমকির মুখে পড়ছে এবং রাতদিন ভারী ড্রাম ট্রাকের চলাচলে ফেনী–সোনাগাজী আঞ্চলিক সড়ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সতর্ক করেন।
