সুরমার ভাঙনে হুমকির মুখে যমুনা অয়েলের ডিপো

by The Justice Bangla

আ ফ ম আসাদ উল্লাহ: সুরমা নদীর আকস্মিক ভাঙনে সরকারি মালিকানাধীন যমুনা অয়েলের সিলেটের ডিপো হুমকির মুখে পড়েছে। ডিপোর একেবারে লাগোয়া প্রায় দেড়শত ফুট জায়গা ইতোমধ্যে ভেঙে গেছে। নদী গর্ভে বিলীন হয়ে গেছে কিছু জায়গাও।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ নদী ভাঙনের সত্যতা নিশ্চিত করে সিলেটের ডাককে জানিয়েছেন, বিষয়টি ইতোমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় পর্যন্ত অবহিত হয়েছে। আমরা ঠিকাদার নিয়োগ করেছি। আগামী তিনদিনের মধ্যে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে আপাতত ভাঙন কবলিত জায়গা রক্ষা করা হবে। যমুনার ডিপো রক্ষায় পরবর্তীতে স্থায়ী পদক্ষেপ নেয়া হবে।

জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের খোজারখলা মার্কাজ মসজিদের পাশে সুরমা নদীর তীরে রাষ্ট্রীয় মালিকানাধীন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপো রয়েছে। ডিপোতে ডিজেল, পেট্রোল, অকটেন ও এসকেও’র সর্বমোট ৯টি ট্যাংকি রয়েছে। যমুনা অয়েল এই ডিপো থেকে সিলেটে জ্বালানী সরবরাহ করে আসছে। গত বৃহস্পতিবার রাতের প্রবল বৃষ্টিতে ডিপোর উত্তর দিকে সুরমা নদীর তীর হঠাৎ করেই ভেঙে কিছু অংশ ধ্বসে নদীতে বিলীন হয়ে যায়। এরপর ধীরে ধীরে ভাঙনের পরিমাণ বাড়তেই থাকে। খবর পেয়ে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের স্বতন্ত্র পরিচালক সালেহ আহমদ খসরু ডিপোতে ছুটে যান। তিনি তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন। পরে পাউবোর কর্মকর্তা নেহার রঞ্জন সরেজমিনে ভাঙন কবলিত জায়গা দেখতে যান। বিষয়টি যমুনা অয়েল কর্তৃপক্ষকেও অবহিত করেন সালেহ আহমদ খসরু। শনিবার তিনি পাউবোর কর্মকর্তাদের সাথে ডিপো রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে বৈঠক করেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ডিপোর উত্তরের দেয়াল ঘেষে দেড়শত ফুট জায়গা ভেঙে পড়ে গেছে। দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না হলে ডিপোটি নদীগর্ভে বিলীন হওয়ার শংকা রয়েছে। এটি একমাত্র ডিপো যেখানে পুরো বর্ষা মৌসুমে জাহাজে করে জ্বালানী সরবরাহ করা হয়। অন্য কোনো কোম্পানি এভাবে জাহাজে করে জ্বালানী সরবরাহ করে না। জাহাজে করে আসা জ্বালানী খালাস করতে স্থাপনকৃত জেটিটিও নদী গর্ভে বিলীন হওয়ার শংকা আছে বলে যমুনা অয়েলের ডিপো ইনচার্জ খায়রুল কবির জানিয়েছেন।

You may also like

Leave a Comment