মো. এমদাদ হোসেন ভূঁইয়া, সিলেটঃ আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “নির্বাচনের জন্য প্রস্তুতি নিন, মানুষের কাছে যান। বিএনপি ছাড়া এদেশের মুক্তি নেই—এই বার্তাটি সবাইকে বুঝাতে হবে।
সোমবার (৭ জুলাই) দুপুরে সিলেট নগরীর পাঠানটুলা সানরাইজ কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেকের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “নির্বাচন যত বিলম্বিত হবে, দেশ ততটাই পিছিয়ে পড়বে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।
মির্জা ফখরুল বলেন, ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করেছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, সিলেট হচ্ছে পূণ্যভূমি, এখান থেকেই আমরা গণতন্ত্র উদ্ধারের লড়াই শুরু করেছি। আমাদের নেতা তারেক রহমানের শ্বশুরবাড়িও এখানে, সুতরাং এই শহরের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই সরকার নির্বাচন করতে পারবে না। আমলারা আজ আওয়ামী লীগের দোসর হয়ে উঠেছে। তাদের চক্রান্ত প্রতিহত করতে হবে।
স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “আমরা হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু ষড়যন্ত্র মুক্ত হইনি। বিএনপিকে ঘায়েল করতে নানা অপপ্রচার চলছে। আমাদের ঐক্যবদ্ধ থেকেই এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেন, “১৭ বছরের সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি। আজ যারা বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে জবাব দিতে হবে মাঠে থেকেই।
নিপুণ রায় চৌধুরী বলেন, “সিলেট থেকেই গণতন্ত্র উদ্ধারের যাত্রা শুরু হলো। শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর পূণ্যভূমি থেকে আমরা গণতন্ত্রের আলো ছড়াবো।
এসময় ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাকর্মীদের স্মরণ করা হয় এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।
