নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় এক আবাসিক হোটেলে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদার-কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন রাত ১১টার দিকে বহদ্দারহাটের বাড়ইপাড়া এলাকায় অবস্থিত ‘পপুলার গেস্ট হাউজ’-এ এম. হান্নান রহিম তালুকদার ও তার অজ্ঞাতপরিচয় কয়েকজন সহযোগী অনধিকারভাবে প্রবেশ করে হোটেল কক্ষ তল্লাশি চালায়। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে এবং টাকা না দিলে হোটেল ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।
ঘটনার পর হোটেলের স্টাফ জাকির হোসেন বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২০, তাং-১৬/০৬/২০২৫, ধারা-১৪৩/৪৪৮/৩৮৫/৫০৬ অনুযায়ী মামলাটি রুজু হয়।
এর পরিপ্রেক্ষিতে চান্দগাঁও থানার একটি আভিযানিক দল ১৬ জুন রাত ১০টার দিকে কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত হান্নান রহিম তালুকদারকে গ্রেফতার করে।
চান্দগাঁও থানার এক কর্মকর্তা জানান, “সাংবাদিকতার পরিচয়ে কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় অন্যান্য জড়িতদের শনাক্ত করতেও তদন্ত চলছে।”
সাংবাদিগতা একটি সম্মানজনক পেশা। তবে দুঃখজনকভাবে কখনো কখনো কিছু ব্যক্তি এই পরিচয় ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, যা প্রকৃত সাংবাদিকদের মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করে।
