চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামের চান্দগাঁও, মোহরা ও পাচলাইশ এলাকার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) রাত ৭টায় আয়োজিত এ প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন সনজীব নাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মনতোষ ধর, অধ্যাপক দেবব্রত দেওয়ানজি, জাসাস নেতা দোলন বড়ুয়া, সাবেক কমিশনার আজম ও খোকন বড়ুয়া। এছাড়াও চান্দগাঁও থানা যুবদলের সংগঠক জীবন বড়ুয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, তাঁর আত্মত্যাগ ও নেতৃত্ব জাতি চিরকাল স্মরণ করবে।
প্রধান অতিথির বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই এই প্রার্থনা সভার মূল লক্ষ্য। সমাজকে জঞ্জালমুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাজ উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে এবং বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় সম্মিলিত প্রার্থনা করা হয়।
