বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি। কর্মসূচি শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের একটি গাছ নিয়মবহির্ভূতভাবে কেটে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকাবাসি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিসার একেএম জুবায়ের আলম অভিযুক্ত প্রধান শিক্ষককে পত্র প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযোগকারী অভিভাবক সদস্য ও এলাকাবাসি দ্রুত তার অপসারণের দাবিতে মানববন্ধন করেন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন কর্মসূচিতে বড়লেখা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আউয়াল, ইউপি সদস্য ফখরুল ইসলাম, মুরব্বি আব্দুল গনি ও আব্দুল মতিনসহ অনেকে অংশগ্রহণ করেন।
উপজেলা শিক্ষা অফিসার একেএম জুবায়ের আলম জানান, এলাকাবাসির লিখিত অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে এখনো তিনি জবাব দেননি, যদিও জবাব প্রদানের নির্ধারিত সময় এখনো শেষ হয়নি।
