নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের খুলশী থানাধীন জালালাবাদ এলাকার রূপসী পাহাড়ে অবৈধভাবে পাহাড় কেটে আরসিসি পিলার বসানোর সময় তিনজন শ্রমিককে আটক করেছে পুলিশ। ঘটনাটি শনিবার সকালবেলা খুলশী থানার আওতাধীন কাঁঠাল বাগান এলাকায় ঘটে।
পাহাড় সুরক্ষায় গঠিত জোন-৪ কমিটির সদস্যদের নজরে আসার পর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর নির্দেশে তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করা হয় এবং তিন শ্রমিককে আটক করা হয়।
ঘটনার খবর পেয়ে জোন কমিটিকে অবহিত করা হলে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসি ল্যান্ড (কাট্টলি সার্কেল)। জোন-৪ কমিটির আহ্বায়কের নির্দেশে আটক শ্রমিকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে আটককৃত শ্রমিকরা পাহাড় কাটানোর নির্দেশদাতা হিসেবে স্থানীয় এক ব্যক্তির নাম প্রকাশ করে, যার নাম মুজিবুর ওরফে গাল কাটা মুজিব।
এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি ভূমি অফিস থেকেও পাহাড়টির মালিকানা ও সংক্রান্ত কাগজপত্র যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জোন কমিটি-৪ এর সদস্য ও পরিবেশকর্মী মো. শফিকুল ইসলাম খান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবাইয়াত তাহরিম সৌরভ ও সাইফুল ইসলাম, পরিদর্শক সাখাওয়াত হোসেন, এবং বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী।
স্থানীয় প্রশাসন ও পরিবেশ সংশ্লিষ্ট সংস্থাগুলো একযোগে জানিয়েছে, পাহাড় রক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অবৈধভাবে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
