মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

তিনটি শ্যালো মেশিন ও দেড়শত ফিট পাইপ বিনষ্ট

by The Justice Bangla

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৯ অক্টোবর) সকালে মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকে সহযোগিতা করে জোরারগঞ্জ থানা পুলিশ।

জানা গেছে, উপজেলার করেরহাট ইউনিয়নের আজমনগর খালে শ্যালো ড্রেজার মেশিনের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল এমন সংবাদের ভিত্তিতে প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালায়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত তিনটি শ্যালো ড্রেজার মেশিন বিকল করা হয় এবং প্রায় দেড়শত ফিট সংযোগ পাইপসহ অন্যান্য সরঞ্জাম বিনষ্ট করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন,

বালু উত্তোলনের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি, তাই কাউকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। তবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সব সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে এবং অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছে।

You may also like

Leave a Comment