মনোনয়ন ঘোষণার খবর শুনে উল্লাসে স্ট্রোক করে প্রাণ গেল বিএনপি নেতার

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের মহেশখালীতে বিএনপির মনোনয়নপ্রাপ্ত পছন্দের প্রার্থীর নাম ঘোষণার খবরে উচ্ছ্বাসে লাফিয়ে উঠে স্ট্রোকে মারা গেছেন কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল আলম ফরিদ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের নোনাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মরদেহ ফরিদুল আলম (৫০) কালারমারছড়া ইউনিয়নের মৃত সৈয়দ আহমদের ছেলে এবং দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপির দ্বিতীয় দফায় ঘোষিত প্রার্থী তালিকায় সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের নাম শুনেই ঘরে বিশ্রামে থাকা অসুস্থ ফরিদুল আলম হঠাৎ উল্লাসে চিৎকার দেন এবং লাফিয়ে ওঠেন। ঠিক সেই মুহূর্তেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক ধারণা, হঠাৎ অতিরিক্ত উত্তেজনা ও আনন্দে তার স্ট্রোক হতে পারে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ফরিদ ছিলেন সংগঠনের নিবেদিতপ্রাণ একজন কর্মী। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে আসন্ন নির্বাচনে আলমগীর ফরিদের প্রার্থিতা নিয়ে তিনি অত্যন্ত উৎসাহী ছিলেন।

You may also like

Leave a Comment