বসুন্ধরায় সড়ক সংঘর্ষের জেরে আইনজীবীকে পিটিয়ে হত্যা

by The Justice Bangla

ঢাকা প্রতিনিধিঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সড়ক দুর্ঘটনার জেরে এক আইনজীবীকে গাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম নাঈম কিবরিয়া (৩৫)। তিনি পাবনা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ছিলেন।

ঘটনাটি ঘটে বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে। ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নাঈম কিবরিয়া একটি ব্যক্তিগত গাড়ি চালিয়ে বসুন্ধরা আবাসিক এলাকা দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়ান। এ ঘটনার জেরে মোটরসাইকেল চালকসহ একদল অজ্ঞাতপরিচয়ের যুবক তাকে গাড়ি থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করে।

এসআই আরিফুল ইসলাম বলেন,
তারা তাকে অত্যন্ত নির্মমভাবে মারধর করে রাস্তার ওপর ফেলে রেখে চলে যায়।

খবর পেয়ে নিহতের খালাতো ভাই রফিকুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান এবং গুরুতর আহত অবস্থায় নাঈমকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

গণমাধ্যমকে রফিকুল ইসলাম জানান, নাঈম কিবরিয়া ১০ দিন আগে পাবনা থেকে ঢাকায় আসেন এবং পূর্বাচলে তার বাসায় অবস্থান করছিলেন।
তিনি বলেন, পাবনায় জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট একটি মামলায় নাঈমের বিরুদ্ধে অভিযোগ ছিল। ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন নিতে ঢাকায় এসেছিলেন তিনি।

রফিকুল আরও জানান, ঘটনার রাতে নাঈম তার এক বন্ধুর ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়েছিলেন। পরে দীর্ঘ সময় যোগাযোগ না হওয়ায় ফোন দিলে বসুন্ধরা এলাকার এক নিরাপত্তাকর্মী ফোন ধরে জানান, নাঈমকে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখা হয়েছে। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়।

নিহত নাঈম কিবরিয়া পাবনা সদর উপজেলার গোলাম কিবরিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

You may also like

Leave a Comment