নিজস্ব প্রতিবেদকঃ ফেনী সদর থানা তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক শাহি মইনুলের বিরুদ্ধে ভয়াবহ ও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, মহিপাল এলাকায় সংঘটিত আলোচিত সহিংস ঘটনার সময় তার প্রত্যক্ষ ভূমিকা ছিল। অভিযোগকারীরা বলছেন, রাজনৈতিক প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন এবং একটি শক্তিশালী গোষ্ঠীর ছত্রচ্ছায়ায় থেকে এলাকায় প্রভাব বিস্তার করেন।
অভিযোগে আরও বলা হয়, সাবেক সংসদ সদস্য নিজাম হাজারি ও স্থানীয় চেয়ারম্যান রিপনের নেতৃত্বে পরিচালিত কথিত বালু মহলের একটি সিন্ডিকেটের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে অবৈধ বালু উত্তোলন ও আর্থিক লেনদেনে যুক্ত ছিলেন তিনি। এই সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এতেই শেষ নয় বিদেশে নারী পাঠানোর প্রলোভন দেখিয়ে আদমপাচারের মাধ্যমেও বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী কয়েকটি পরিবারের দাবি, চাকরি ও উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়, কিন্তু প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি।
তবে এসব অভিযোগের বিষয়ে শাহি মইনুল বা অভিযুক্ত অন্যদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। আইনশৃঙ্খলা বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, লিখিত অভিযোগ ও প্রমাণ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগগুলোর সত্যতা যাচাই ও নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি এমনটাই বলছেন সচেতন মহল।
