ফেনী প্রতিনিধিঃ ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত অটোরিকশাচালক মোহাম্মদ সবুজ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ পলাতক ৭১ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (আজ) দুপুরে ফেনী সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অস্ত্রধারীরা ফেনী শহরে নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক মোহাম্মদ সবুজ।
এ ঘটনায় নিহত সবুজের ভাই মো. ইউছুফ বাদী হয়ে একই বছরের ১৩ আগস্ট ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ ৬৫ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।
মামলাটির তদন্ত শেষে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক মিয়া চলতি বছরের ১২ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে এজাহারভুক্ত ৬৫ জনসহ তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া আরও ৫৯ জনকে যুক্ত করে মোট ১২৪ জনকে অভিযুক্ত করা হয়।
পরবর্তীতে একাধিক দফা শুনানি শেষে আদালত অভিযোগপত্রটি আমলে নেন। আজ শুনানিতে অভিযুক্তদের মধ্যে পলাতক থাকায় ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।
এই আদেশের মাধ্যমে আলোচিত সবুজ হত্যা মামলার বিচারিক প্রক্রিয়ায় নতুন গতি সঞ্চার হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
