মোহাম্মদ সাগর, ছাগলনাইয়ার প্রতিনিধিঃ ফেনীর ফুলগাজী উপজেলার ৪ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক মুন্সী রফিকুল আলম মজনু। গণসংযোগকালে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় রফিকুল আলম মজনু বলেন,
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া স্বামীর বাড়ি বগুড়ার আসনের চেয়েও বাপের বাড়ির আসন থেকে বেশি ভোটে বিজয়ী হবেন সেই লক্ষ্য নিয়েই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি।
গণসংযোগে এলাকার তরুণ, যুবক, বয়স্ক ও নারীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে জনমত তৈরিতে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় রফিকুল আলম মজনু জনগণের প্রতি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সহযোগিতা কামনা করেন।
