পাঁচলাইশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, চারজন গ্রেফতার

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদনঃ নগরীর পাঁচলাইশ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে পাঁচলাইশ মডেল থানাধীন হামজারবাগ সঙ্গীতের মোড় আজিজুল্লাহ সড়ক হযরত কামাল শাহ বোগদাদী (র.) মাজার গেইটের সামনে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে।

এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ইভান নেতৃত্ব দেন বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি সাদা রঙের হাইস গাড়ি (চট্টমেট্রো-ছ-৫১-৮৭৬) জব্দ করে এবং গাড়িচালক আবু মুসা ও হেলপার সাকিব আলমকে আটক করে।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, চকরিয়া থেকে ভাড়া করা গাড়িতে মিছিলকারীদের চট্টগ্রামে নিয়ে আসে এবং মিছিল শেষে ছবি তুলে আবার চকরিয়ায় ফেরত নেয়ার কথা ছিল।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পরে অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেফতার করে।

এ ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় পাঁচলাইশ মডেল থানায় মামলা (নং-১৫, তারিখ: ১৩/০৯/২০২৫) দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

You may also like

Leave a Comment