পরশুরাম প্রতিনিধিঃ ফেনীর পরশুরামের দক্ষিণ কোলাপাড়া এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি ও বন বিভাগের কর্মচারী ফারুক মজুমদার (৬৫)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে ফুলগাজী উপজেলার খেজুরিয়া গ্রামে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোলাপাড়ায় টহলরত পুলিশের ওপর হামলার ঘটনায় ফারুক মজুমদারের নাম উঠে আসে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তের পর খেজুরিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারের পর তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের কর্মকর্তারা জানান, হামলার ঘটনায় কারা কারা জড়িত ছিল—তা নিশ্চিত করতে ফারুক মজুমদারের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।
এদিকে, পুলিশের ওপর হামলার মতো গুরুতর ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে পরশুরাম থানা পুলিশ। ঘটনার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান জোরদার করা হয়েছে।
স্থানীয় এলাকায় গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানানো হয়।
