নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় ব্যাংক হিসাবে মাত্র ২ হাজার টাকা থাকার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন। একই আসনে তার বাবা আমিরুল ইসলাম মো. আবদুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। হলফনামা অনুযায়ী, তার বাবার ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ প্রায় ২ লাখ টাকা।
হলফনামায় আবদুল হান্নান মাসউদ নিজের পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন আলিম পাস। পেশাগত পরিচয়ে তিনি নিজেকে ‘ডিজিল্যান্ড গ্লোবাল এর স্বত্বাধিকারী হিসেবে উল্লেখ করেন।
হলফনামার তথ্য অনুযায়ী, তার বার্ষিক আয় ৬ লাখ টাকা। নিজের বা পরিবারের নামে কোনো ঋণ কিংবা দায়দেনা নেই বলে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি নিজের নামে কোনো জমিজমা নেই বলেও হলফনামায় জানিয়েছেন।
অস্থাবর সম্পদের বিবরণীতে তিনি উল্লেখ করেছেন নগদ অর্থ: ৩৫ লাখ ৮৩ হাজার ৪৭৫ টাকা,ব্যাংকে জমা: ২ হাজার ৫৫ টাকা,ঋণপত্র: ১ লাখ টাকা,
স্বর্ণালংকার: ৮ লাখ টাকা, ইলেকট্রনিক্স সামগ্রী: ১ লাখ টাকা, আসবাবপত্র: ১ লাখ টাকা।
হলফনামা অনুযায়ী, এসব অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ৪৬ লাখ ৮৫ হাজার ৫৩০ টাকা, তবে বর্তমানে এর বাজারমূল্য দাঁড়িয়েছে ৭৬ লাখ ৮৫ হাজার ৫৩০ টাকা।
এদিকে, হলফনামায় তার বাবার পেশা হিসেবে ‘অবসরপ্রাপ্ত শিক্ষক’ উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা আবদুল হান্নান মাসউদের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই বলেও হলফনামায় উল্লেখ রয়েছে।
