আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি কারাগারে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সুস্থ ও ভালো আছেন বলে দাবি করেছেন তার ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। শনিবার এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। খবর প্রকাশ করেছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
ভিডিও বার্তায় গুয়েরা বলেন, তার বাবা নিকোলাস মাদুরোর সঙ্গে যোগাযোগ হয়েছে। এ সময় মাদুরোর বরাতে তিনি বলেন, “আমরা ভালো আছি। আমরা যোদ্ধা।” ক্ষমতাসীন ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলা (পিএসইউভি) ওই ভিডিওটি প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র। অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি (ডিইএ)। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নিউইয়র্কের ব্রুকলিনের একটি বন্দিশিবিরে পাঠানো হয়।
সূত্র জানায়, মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস বর্তমানে বিচারের অপেক্ষায় রয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন নিকোলাস মাদুরো।
এ ঘটনার পর ভেনেজুয়েলা ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র বা ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
