দুইটি রাজনৈতিক দলের সমাবেশকে ঘিরে নগরজুড়ে তীব্র যানযট

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ যেকোনো কর্মদিবসে রাজধানীতে সকালের দিকে যানজট একটি সাধারণ বিষয়। সাধারণত সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত যানযট বেশি থাকে।

এমন সময়ে রাজধানীর বিজয় সরণি থেকে ফার্মগেটমুখী সড়কে অন্যআন্য দিনে যতটা যানজট থাকে, আজ বুধবার সকালে তা অনেক বেশি দেখা গেল।

বিজয় সরণি থেকে সামনে এগিয়ে একেবারে কারওয়ান বাজার পর্যন্ত শুধু যানবাহনের দীর্ঘ সারি। গাড়ি কোনো ভাবেই সামনে এগুচ্ছে না। এটা সকাল ৯টার ঘটনা।

ফার্মগেট পুলিশ বক্সের কাছে ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, এই জ্যাম শাহবাগ পর্যন্ত। সেখানে একটা সমাবেশ হচ্ছে, সে কারণে পুরো এলাকায় জ্যাম।’
এরপর সারা শহরে যানজট ছড়িয়ে যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, আজ রাজধানীতে বিএনপির তিন সংগঠনের তারুণ্যের সমাবেশ রয়েছে। সেখানে কয়েক লাখ মানুষ আসার কথা। এ জন্য গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা থেকে বাসে করে নেতা-কর্মীরা রাজধানীতে আসছেন। নগরীর আশপাশ থেকেও বাস ভর্তি করে লোকজন আসছেন। শুধু মিরপুর এবং উত্তরার কিছু অংশ বাদ দিয়ে পুরো নগরেই আজ যানজট।

মো. সরওয়ার বলেন, আজ সকালে জামায়াতের নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগে বিপুলসংখ্যক লোক জড়ো হন। তখন থেকেই সেখানে যানজট শুরু হয়। এরপর তারুণ্যের সমাবেশ ঘিরে তা আরও বেড়েছে। আজ দুই রাজনৈতিক সমাবেশের কারণেই যানজট নগরজুড়ে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, নগরে ঢোকার সব কটি স্থানে আজ অতিরিক্ত যানবাহনের চাপ। আর এটা সামলাতে ডিএমপির উপকমিশনার থেকে শুরু করে পরিদর্শকদের সবাই মাঠে আছেন। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।

বেসরকারি চাকরিজীবী নাদিম মাহমুদ আটকে আছেন মগবাজার এলাকায়। তিনি বলেন, ‘সকালে শাহবাগে এক ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। এখন মগবাজারে এসে দেখছি রিকশাও নড়ছে না, গাড়ি তো একেবারেই বন্ধ।’

ট্রাফিক সূত্র জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত যানজট পরিস্থিতির স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুব একটা নেই।

You may also like

Leave a Comment